প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
তারাকান্দার গজহরপুর নদীর পাড়ে রমরমা জুয়ার আসর: অতিষ্ঠ এলাকাবাসী

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০নং বিসকা ইউনিয়নের গজহরপুর নদীর পাড় প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় নিয়মিত বসছে জুয়ার আসর। স্থানীয় সূত্রে জানা গেছে, খিঁচা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চলে আসলেও বর্তমানে এর ভয়াবহতা প্রকট আকার ধারণ করেছে।
এলাকাবাসীর দাবি, স্থানীয় খিচাঁ এলাকার আঃ জব্বারের পুত্র মোস্তফা, গজহরপুর ঘোনাপাড়ার নজরুল, মোজাম্মেল ও আবুল কালামসহ একটি প্রভাবশালী চক্রের নেতৃত্বে এই জুয়ার আসর পরিচালিত হচ্ছে। প্রতিদিন গভীর রাতে চলে এই আসর, যেখানে দূর-দূরান্ত থেকে জুয়াড়িরা এসে ভিড় জমায়। জুয়া খেলার পাশাপাশি সেখানে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগও উঠেছে।
এই জুয়ার আসরের কারণে খিঁচা বাজার ও আশপাশের এলাকায় চুরিসহ নানা অসামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও যুবসমাজ এই নেশায় আসক্ত হয়ে পড়ছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়রা জানান, অভিযুক্তরা খারাপ প্রকৃতির হওয়ায় ভয়ে কেউ সরাসরি প্রতিবাদ করার সাহস পায় না।
বিসকা ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। জুয়ার আসর বন্ধ এবং এর মূল হোতাদের আইনের আওতায় আনতে ময়মনসিংহ জেলা পুলিশ ও তারাকান্দা থানা পুলিশের জরুরি অভিযান কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ